Image description

ইরান কর্তৃক হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন অপসারণ অভিযানে যাওয়ার পথে থাইল্যান্ডে এক অদ্ভুত দুর্ঘটনার শিকার হয়েছে মার্কিন নৌবাহিনীর এক নাবিক। ফুকেট ভ্রমণে গিয়ে একটি বন্য বানরের আক্রমণে ওই নাবিক আহত হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য জাপানে স্থানান্তর করা হয়েছে।

মার্কিন নৌবাহিনী সূত্রে জানা গেছে, মাইন অপসারণকারী জাহাজ ‘ইউএসএস চিফ’-এর ওই নাবিক (ইলেকট্রনিক্স টেকনিশিয়ান) ফুকেটের একটি পার্কে বানরের আক্রমণের শিকার হন। থাইল্যান্ডে সচরাচর দেখা যাওয়া ‘ম্যাকাক’ প্রজাতির একটি বানর তার ওপর হামলা চালায়। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এই প্রজাতির বানর থেকে ‘হার্পিস বি’ ভাইরাস সংক্রমণের সতর্কতা জারি রাখায় বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে মার্কিন কর্তৃপক্ষ।

নৌ-কর্মকর্তারা জানিয়েছেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ‘ইউএসএস চিফ’-এর নির্ধারিত মিশনে কোনো বিলম্ব হয়নি এবং সংশ্লিষ্ট নাবিক বর্তমানে বিপদমুক্ত আছেন। এক সামরিক কর্মকর্তা মন্তব্য করেন, “সাধারণত ধারণা করা হয় তীরে নাবিকরা অন্য কোনোভাবে অসুস্থ হতে পারেন, কিন্তু বানরের আক্রমণের বিষয়টি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।”

বর্তমানে হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইরানের পেতে রাখা মাইন এবং দেশটির দ্রুতগতির সশস্ত্র নৌযানের আনাগোনার ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল সরবরাহ পথটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল এই পথ দিয়েই পরিবহন করা হয়। এই সংকট নিরসনে ‘ইউএসএস চিফ’ ও ‘ইউএসএস পায়োনিয়ার’ নামের দুটি মাইন অপসারণকারী জাহাজ এপ্রিলেই দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে যাত্রা শুরু করে।

এদিকে, বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে থাকা মার্কিন নৌবাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন। ট্রাম্প বলেন, “আমি নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি—হরমুজ প্রণালিতে যারা মাইন স্থাপন করবে, সেই ছোট নৌকা বা যেকোনো ইরানি নৌযান দেখামাত্র গুলি করে ধ্বংস করে দিতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার ইতস্তত করা চলবে না।”

ট্রাম্পের এই ‘শুটিং অর্ডার’ বা দেখামাত্র গুলির নির্দেশের ফলে হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা আরও বেড়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

মানবকণ্ঠ/ডিআর