Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতা এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা সাজাচ্ছে পেন্টাগন।

সম্প্রতি পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য ছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের একটি কার্যকর প্রস্তাব তৈরির জন্য তেহরানকে বাড়তি সময় দেওয়া। কিন্তু এই কূটনৈতিক প্রক্রিয়ার মাঝেই নতুন করে সামরিক হামলার ছক সামনে এল।

সিএনএনের সূত্রমতে, পেন্টাগনের এই পরিকল্পনায় হরমুজ প্রণালি, ওমান উপসাগর এবং দক্ষিণ আরব উপসাগরে অবস্থিত ইরানি লক্ষ্যবস্তুগুলো রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে ইরান যেসব নৌযান ব্যবহার করে, সেগুলোতেই মূল আঘাত হানার প্রস্তুতি চলছে।

এর মধ্যে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) 'ফাস্ট অ্যাটাক বোট' বা দ্রুতগামী নৌকা এবং মাইন বসানোর কাজে ব্যবহৃত নৌযানগুলো মার্কিন বাহিনীর প্রধান নিশানায় রয়েছে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের কথায়ও এমন সামরিক পদক্ষেপের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে মাইন বসানোর চেষ্টাকারী যেকোনো নৌযান দেখলেই তা গুলি করে ধ্বংস করবে মার্কিন নৌবাহিনী। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নৌবাহিনীর ব্যাপক ক্ষতি হলেও আইআরজিসির মেশিনগানযুক্ত দ্রুতগামী নৌকাগুলো টিকে গিয়েছিল। তবে বর্তমানে এসব নৌযান দিয়ে ইরান সত্যিই হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি।

মার্কিন সামরিক কর্মকর্তাদের প্রস্তাবিত এই পরিকল্পনায় শুধু নৌযানই নয়, শান্তি আলোচনার পথে বাধা হয়ে দাঁড়ানো ইরানের শীর্ষ সামরিক নেতাদের ওপরও সরাসরি হামলা চালানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে ইরানের অবশিষ্ট সামরিক শক্তি, বিশেষ করে ক্ষেপণাস্ত্রের মজুত ও লঞ্চারগুলোর ওপর পুনরায় আঘাত হানার কথাও ভাবছে যুক্তরাষ্ট্র।

এদিকে, ট্রাম্প দাবি করেছেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ইরান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, "ইরান বুঝতেই পারছে না তাদের আসল নেতা কে! তারা সত্যিই জানে না।" ইরানের এই পরিস্থিতিকে 'পাগলাটে' আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, যুদ্ধক্ষেত্রে চরমভাবে পর্যুদস্ত কট্টরপন্থী এবং তথাকথিত মডারেটদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বই পরিস্থিতিকে এমন ঘোলাটে করে তুলেছে।

মানবকণ্ঠ/আরআই