আইপিএলে সাই সুদর্শনের অনবদ্য সেঞ্চুরি ম্লান হয়ে গেল বিরাট কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে। ৪৪ বলে ৮১ রানের এক ঝোড়ো ইনিংসে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দারুণ এক জয় এনে দিয়েছেন কিং কোহলি। তবে ম্যাচ শেষে ব্যক্তিগত কৃতিত্বের চেয়ে সতীর্থ দেবদূত পাডিক্কালের ব্যাটিংকে জয়ের মূল কারিগর হিসেবে অভিহিত করেছেন তিনি।
ম্যাচে সাই সুদর্শনের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ পেলেও কোহলি-পাডিক্কালের ব্যাটে তা অনায়াসেই টপকে যায় বেঙ্গালুরু। রান তাড়া করতে নেমে জেকব বেথেল দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে দলের জয়ের ভিত গড়ে দেন কোহলি ও পাডিক্কাল।
ম্যাচ শেষে কোহলি বলেন, "পাডিক্কাল এই নিয়ে দ্বিতীয়বার এমন গুরুত্বপূর্ণ ইনিংস খেলল। ও কখনোই বল ধরে খেলে না, শুরু থেকেই আক্রমণাত্মক থাকে। আমাদের ইনিংসের প্রথমার্ধে ওর ব্যাটিংই মূল পার্থক্য গড়ে দিয়েছে। আমি শুধু চেয়েছিলাম উইকেটে টিকে থাকতে, যাতে অপরপ্রান্ত থেকে ও কোনো চাপে না পড়ে।"
বেঙ্গালুরুর বোলারদের প্রশংসা করে কোহলি আরও বলেন, "এক সময় মনে হয়েছিল প্রতিপক্ষ ২৩০-২৩৫ রান তুলে ফেলবে। কিন্তু বোলাররা শেষ দিকে দারুণভাবে ম্যাচে ফিরেছে। তখনই বুঝেছিলাম উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো এবং সাহসী ব্যাটিং করলে জয় সম্ভব।"
চলতি আইপিএলে বেঙ্গালুরুর পিচ নিয়ে বেশ সন্তুষ্ট কোহলি। এ নিয়ে চলতি আসরে তৃতীয়বার ২০০-এর বেশি রান তুলেছে কোহলিরা এবং দুইবার ২০০ ছাড়ানো লক্ষ্য তাড়া করে জিতেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, "এই মৌসুমে ব্যাটিংয়ের জন্য সেরা পরিবেশ পেয়েছি। আমরা জানতাম জুটি টিকে গেলে এবং সাহস নিয়ে খেললে জয় কঠিন হবে না। ড্রেসিংরুমের সবার ইতিবাচক মানসিকতা আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments