Image description

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা থেকে গাজার কেন্দ্রীয় অঞ্চল দেইর আল-বালাহ এবং অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানকার বাসিন্দারা নিজেদের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাননি। এতদিন হামাস নিজেই সিটি কাউন্সিলের সদস্য নিয়োগ দিয়ে আসছিল এবং স্থানীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া বন্ধ রেখেছিল। ফলে দেইর আল-বালাহর বর্তমান ভোটারদের একটি বড় অংশ তাদের জীবনে প্রথমবারের মতো স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) নিয়ন্ত্রিত পশ্চিম তীরের এলাকাগুলোতে নিয়মিত বিরতিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসলেও গাজায় তা দীর্ঘদিন স্থগিত ছিল। তবে গাজার এই নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত হামাস মেনে নেবে কি না, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সংশয় ও অনিশ্চয়তা রয়েছে।

রামাল্লাহভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১৫ লাখ এবং গাজার দেইর আল-বালাহ এলাকায় প্রায় ৭০ হাজার ভোটার নিবন্ধিত রয়েছেন। গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে এই নির্বাচন আয়োজনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর