Image description

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম আব্দুল করিম (২২)। শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল করিম তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেনটি কাওরাইদ স্টেশনে প্রবেশের আগে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় দুর্বৃত্তরা তার ঘাড় ও পেটে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

ময়মনসিংহ রেলওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, ঘটনার পর ট্রেনের অন্যান্য যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে কাওরাইদ স্টেশন থেকে আহত করিমকে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে তুলে দেন। পরে ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছালে জিআরপি পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠায়।

ওসি আকতার হোসেন আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।