Image description

নিয়োগপত্রের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন।

সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে মূল সড়কের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় আন্দোলনকারী শিক্ষক ও পুলিশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগে এই অবস্থান কর্মসূচি ও উত্তেজনা চলছিল।

বিক্ষোভে অংশ নেওয়া প্রার্থীরা ‘শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়’, ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’, এবং ‘নিয়োগ ছাড়া ফিরব না’—এমন সব স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তাদের দাবি, দীর্ঘ সময় পার হলেও রহস্যজনক কারণে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না।

আন্দোলনকারীরা জানান, তারা প্রায় আড়াই মাস আগে সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়নি। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিলম্বের কোনো সুনির্দিষ্ট কারণও তাদের জানাচ্ছে না।

আন্দোলনরত এক প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের এখন শ্রেণিকক্ষে পাঠদানের কথা ছিল, অথচ আমরা রাজপথে অধিকারের দাবিতে স্লোগান দিচ্ছি। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।"

পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই