যশোরের শার্শায় বেতনা নদীর সঙ্গে সংযুক্ত উলাশী-যদুনাথপুর এলাকার প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই খনন কাজের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নামার পর তিনি উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি নির্ধারিত বাসে করে শার্শা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর শহর ও বিমানবন্দর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানান। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
দিনের বাকি কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।
সবশেষে বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মানবকণ্ঠ/আরআই




Comments