যুগান্তকারী স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রতিষ্ঠানটির অর্জন করা “স্বাধীনতা পদক ২০২৬”-এর বিশেষ মোড়ক উন্মোচন করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘স্বাধীনতা পদক ২০২৬’-এর মোড়ক উন্মোচন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী একটি মানবিক ও বৈষম্যহীন চিকিৎসাসেবার স্বপ্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্যে দিকনির্দেশনা দিয়েছিলেন। তবে গণস্বাস্থ্য কেন্দ্র আজকের এই অবস্থানে পৌঁছেছে সাধারণ কর্মীদের অক্লান্ত শ্রম ও ত্যাগের বিনিময়ে। রাষ্ট্র কর্তৃক এই স্বাধীনতা পদক অর্জন গণস্বাস্থ্য কেন্দ্রের চিন্তা, দর্শন ও নিরবচ্ছিন্ন সেবামূলক কর্মকাণ্ডেরই স্বীকৃতি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম সফিকুজ্জামান, প্রতিষ্ঠানটির প্রবীণ কর্মী গীতা কর, বিউটি রানী, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সন্ধ্যা রায়সহ গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
কর্মসূচির শুরুতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু হয়ে গণ বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে। দিনব্যাপী আয়োজনের শেষ অংশে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments