Image description

বর্তমান যুদ্ধ পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য "ভয়াবহ" একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ব্রান্সউইকের বোডোইন কলেজের ইতিহাসের অধ্যাপক সালার মোহানদেসি। 

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ ও কৌশলের একটি গভীর বিশ্লেষণ তুলে ধরেন।

অধ্যাপক মোহানদেসি বলেন, "এই যুদ্ধ ট্রাম্পের জন্য বিপর্যয়কর প্রমাণিত হয়েছে। কারণ, সাম্প্রতিক জনমত জরিপগুলোতে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে মার্কিন জনগণের একটি বড় অংশ এই যুদ্ধের ঘোর বিরোধী। 

কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পুরো রাজনৈতিক পরিচয়টাই গড়ে উঠেছে ‘জয়ের’ ওপর ভিত্তি করে। তাই তিনি সম্ভবত কোনো না কোনো রূপে এটি চালিয়ে যাবেন।"

বিশ্লেষণে বলা হয়, ট্রাম্প আমেরিকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ইরানের কাছ থেকে ওবামা প্রশাসনের চেয়েও "আরও ভালো চুক্তি" আদায় করবেন এবং তিনি দেশকে কোনো অনাকাঙ্ক্ষিত যুদ্ধে জড়াবেন না। কিন্তু বর্তমান পরিস্থিতি তার এই প্রতিশ্রুতির বিপরীত দিকে যাচ্ছে। 

মোহানদেসির মতে, তার দল (রিপাবলিকান পার্টি) এখন একটি ঐতিহাসিকভাবে অজনপ্রিয় যুদ্ধের বোঝা নিয়ে মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, যা দলটির জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে।

ট্রাম্প এখন চাইলেই পরিস্থিতি সামাল দিয়ে সরে আসতে পারেন, তবে অধ্যাপক মোহানদেসি মনে করেন তেমন সম্ভাবনা কম। 

তিনি বলেন, "পিছু হটার অর্থ হলো পরাজয় মেনে নেওয়া, যা ট্রাম্পের চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি একজন জুয়াড়ির মতো। খুব সম্ভবত তিনি ভবিষ্যতে কোনো এক ধরনের বিজয় ছিনিয়ে আনার আশায় বর্তমান পরিস্থিতিকে আরও জটিল বা ঘোলাটে করে তুলবেন।"

বিশেষজ্ঞদের মনে এখন বড় প্রশ্নটি হলো—ট্রাম্প ঠিক কোন কৌশলে এই যুদ্ধ বা সংঘাত চালিয়ে যাবেন? বিশেষ করে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া বা কংগ্রেসকে পাশ কাটিয়ে তিনি কীভাবে তার লক্ষ্য অর্জন করবেন, তা এখন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচনার বিষয়।