যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রহস্যময় ও আক্রমণাত্মক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ইরানকে সরাসরি যুদ্ধের ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ট্রাম্পের শেয়ার করা ওই ছবিতে তাঁর পেছনের ব্যাকগ্রাউন্ডে একটি ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে। ছবির ওপর বড় অক্ষরে লেখা রয়েছে— ‘ভদ্র সাজার দিন শেষ’ (The days of being polite are over)। তেহরানকে উদ্দেশ্য করে ট্রাম্প সেখানে লিখেছেন, ইরানকে খুব ‘দ্রুত বুদ্ধিমান হতে হবে’।
মূলত চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদেই তিনি এই কড়া বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে যখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই ট্রাম্পের এই ভীতিপ্রদ পোস্টটি সামনে এলো। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের অবস্থানে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করছেন বিশ্লেষকরা।
তিনি একদিকে কূটনীতির মাধ্যমে সমাধানের কথা বলছেন, আবার পরক্ষণেই আলোচনা ব্যর্থ হলে ভয়াবহ সামরিক পরিণতির হুমকি দিচ্ছেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ট্রাম্পের এই দ্বিমুখী ও আক্রমণাত্মক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
ট্রাম্পের এই পোস্টটি তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।
মানবকণ্ঠ/আরআই




Comments