ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪৯ জন প্রার্থীকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষে দেখা গেছে, সাধারণ আসনের আনুপাতিক হারে বরাদ্দকৃত আসনে অতিরিক্ত কোনো প্রার্থী নেই। ফলে আইনি প্রক্রিয়া অনুযায়ী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচিতদের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে এবং পরবর্তীতে তা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।
দল ও জোটভিত্তিক নির্বাচিতদের তালিকা:
বিএনপি জোট (৩৬ জন): বিএনপির উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোট (১২ জন): এই জোটে জামায়াতে ইসলামীর ৮ জন ছাড়াও শরিক দলের প্রতিনিধি ও একজন শহীদের মা রয়েছেন। নির্বাচিতরা হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির মাহমুদা আলম মিতু, জাগপার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।
সংসদে আসনের চিত্র: সাধারণ নির্বাচনে বিএনপি ২১২টি আসন (২টি গেজেট স্থগিত) পাওয়ায় আনুপাতিক হারে ৩৬টি সংরক্ষিত আসন পেয়েছে। এছাড়া জামায়াত জোট ১২টি এবং স্বতন্ত্র জোট ১টি সংরক্ষিত আসন লাভ করেছে। নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণের পর চলমান অধিবেশনেই যোগ দিতে পারবেন।
একটি আসন এখনো অমীমাংসিত: ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে একটি আসন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রত্যাখ্যাত হয়ে হাইকোর্টে রিট করেছেন। আদালত তাঁর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশনা দিয়েছে। অন্যদিকে, একই দলের মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনটির বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে।
মানবকণ্ঠ/আরআই




Comments