যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে এক অভিনব উদ্যোগ নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই বিশেষ আয়োজন উপলক্ষে দেশটির নতুন পাসপোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও স্বাক্ষর যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দপ্তরের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বিশেষ সংস্করণের পাসপোর্টটি সীমিত পরিসরে প্রকাশ করা হবে। এতে থাকবে অত্যন্ত উন্নতমানের গ্রাফিক্স ও বিশেষ নকশা। পাসপোর্টের ভেতরের পাতায় ট্রাম্পের একটি গাম্ভীর্যপূর্ণ মুখাবয়বের ছবি এবং সোনালি কালি দিয়ে তাঁর বিশেষ স্বাক্ষর স্থান পাবে।
আগ্রহী মার্কিন নাগরিকরা ওয়াশিংটনের পাসপোর্ট এজেন্সিতে গিয়ে এই বিশেষ সংস্করণের জন্য আবেদন করতে পারবেন। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এর জন্য নাগরিকদের কোনো বাড়তি ফি দিতে হবে না এবং মজুদ থাকা পর্যন্ত এটি সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য যে, ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন তাঁর নাম ও ছবি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতীক ও জনকল্যাণমূলক কাজে যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে জাতীয় উদ্যানের প্রবেশ পাসে তাঁর ছবি যুক্ত করা হয়েছে এবং শিশুদের জন্য ‘ট্রাম্প সেভিংস অ্যাকাউন্ট’ ও ওষুধ সরবরাহ প্রকল্পের নাম ‘ট্রাম্পআরএক্স’ রাখা হয়েছে।
তবে ট্রাম্পের সব উদ্যোগ সহজভাবে বাস্তবায়ন হয়নি। নিউ ইয়র্কের পেন স্টেশনের নাম পরিবর্তন করার প্রস্তাব বাতিল হয়ে গেছে। এছাড়া কেনেডি সেন্টার ও ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস-এর নাম পরিবর্তনের বিষয়টি বর্তমানে আইনি জটিলতায় ঝুলে রয়েছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস
মানবকণ্ঠ/আরআই




Comments