বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন। আগামী ১৫তম ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ সংস্থা হিসেবে আয়োজিত এই উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ৮ মে। এবারের আয়োজনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সম্মাননা প্রসঙ্গে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে রুনা লায়লা বলেন, “মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম… দেখা হবে সেখানে!”
উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা পাঠানো এক চিঠিতে রুনা লায়লাকে প্রশংসায় ভাসিয়েছেন।
তিনি উল্লেখ করেন, রুনা লায়লার সুমধুর কণ্ঠ বহু দশক ধরে ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করেছে।
চিঠিতে আরো বলা হয়, রুনা লায়লা এই সম্মাননা গ্রহণ করলে তা শুধু উৎসবের জন্য নয়, বরং দুই দেশের সাংস্কৃতিক সৌহার্দ্য আরো শক্তিশালী করবে।
জানা গেছে, ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসরটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে। এবারের মূল ফোকাস থাকবে নারী ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহ প্রদান।
উৎসবে অংশ নেবেন উপমহাদেশের বহু তারকা ও নির্মাতা, যার মধ্যে রয়েছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, রেভতী, শ্বেতা মেনন, ঊষা উত্থুপ, রাজপাল যাদব, রঘুবীর যাদবসহ অনেকে।




Comments