পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ব্যবহারে ইরানের প্রস্তাবিত টোল দিতে সাফ না বলে দিয়েছে উপসাগরীয় ৬ দেশ। গতকাল মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানায় দেশগুলো। এতে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
দেশগুলো হলো গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি দেশ) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান।
বৈঠক শেষে জিসিসি মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়ের প্রস্তাব ‘অবৈধ’ এবং তা গ্রহণযোগ্য নয়।
তিনি স্পষ্ট করে জানান, জিসিসি ও এর সদস্য দেশগুলো এ ধরনের কোনো অর্থ পরিশোধ করবে না।
আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক তেল পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়েই যায়, ফলে এখানে যেকোনো সিদ্ধান্তের প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে তেহরান। পরে তারা জানায়, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজ দেখলেই হামলা চালানো হতে পারে।
পরবর্তী সময়ে ইরান কিছুটা নরম অবস্থান নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেয়। তবে শর্ত দেয়, প্রতি ব্যারেল তেলের জন্য এক ডলার হারে টোল দিতে হবে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অনুমতি নিতে হবে। তবে এই নতুন শর্ত জেদ্দার বৈঠকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জিসিসি।




Comments