ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে একটি সরকারি হাসপাতালের সীমানা প্রাচীর ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) শহরের বিখ্যাত ‘বাউরি অ্যান্ড লেডি কার্জন’ হাসপাতালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার এক বিবৃতিতে এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের প্রায় ৮ ফুট উঁচু দেয়ালটি আকস্মিকভাবে ধসে পড়লে এর নিচে চাপা পড়েন পথচারী ও দোকানদাররা।
নিহতদের মধ্যে এক শিশু এবং ফুটপাতের চারজন ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেয়ালটি ধসে পড়ার সময় আশেপাশে অনেক মানুষ ছিলেন। আহতদের মধ্যে এক নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
সূত্র: রয়টার্স
মানবকণ্ঠ/আরআই




Comments