যশোর জেলা সফরকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিলিমা ও তাঁর শিশু সন্তানের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মমত্ববোধের সেই দৃশ্য দেশবাসীর নজর কেড়েছিল। এবার সেই শিশুর জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল নিলিমার বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রীর পাঠানো এই উপহার পৌঁছে দেয়।
উল্লেখ্য, গত সোমবার বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে গিয়েছিলেন। তাঁকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বাসটি যখন যশোরের ইনস্টিটিউটের সামনের রাস্তা পার হচ্ছিল, তখন নিলিমা তাঁর কোলের শিশুকে নিয়ে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি প্রোটোকল ভেঙে গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন এবং শিশুটির সঙ্গে কুশল বিনিময় করেন।
এই অনন্য মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
পরবর্তীতে প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ওই মা ও শিশুর কাছে উপহার পাঠানোর নির্দেশনা দেন। সেই অনুযায়ী আজ ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপহার নিয়ে নিলিমার বাসায় হাজির হন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন সারপ্রাইজ উপহার পেয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিলিমা।
মানবকণ্ঠ/আরআই




Comments