Image description

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণে এক নতুন মাইলফলক রচিত হতে যাচ্ছে। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে আরও ১৪টি নতুন ও অত্যাধুনিক উড়োজাহাজ কেনার লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক ঐতিহাসিক চুক্তি সই করতে যাচ্ছে বিমান। আধুনিক ইতিহাসে এটিই বিমানের বৃহত্তম বহর সম্প্রসারণের উদ্যোগ।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

চুক্তি অনুযায়ী বিমান মোট ১৪টি নতুন উড়োজাহাজ সংগ্রহ করবে।

এর মধ্যে রয়েছে:

৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার।
২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।
৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিশাল আকৃতির ড্রিমলাইনারগুলো মূলত ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দূরপাল্লার রুটগুলোতে সেবা উন্নত করতে ব্যবহৃত হবে। অন্যদিকে, ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের ফ্লাইটগুলোতে বিমানের শক্তি বৃদ্ধি করবে।

কেন এই সম্প্রসারণ?: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রাক্কালে এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত বাংলাদেশকে এই অঞ্চলের একটি শক্তিশালী ‘এভিয়েশন হাব’ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এই বিশাল অর্ডারের মাধ্যমে ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে বোয়িং-এর দীর্ঘ তিন বছরের প্রতিযোগিতার অবসান ঘটল।

বিমানের কর্মকর্তারা আশা করছেন, নতুন এই ১৪টি উড়োজাহাজ বহরে যুক্ত হলে যাত্রী ধারণক্ষমতা যেমন বাড়বে, তেমনি জাতীয় পতাকাবাহী এই সংস্থাটির যাত্রী সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় পৌঁছাবে।

মানবকণ্ঠ/আরআই