গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে দুই মাসব্যাপী টানা কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোট। আগামী মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত দেশের সবকটি বিভাগীয় শহরে সমাবেশ এবং সবশেষে অক্টোবর মাসে রাজধানী ঢাকায় বিশাল মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে এই জোট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠকে এসব কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়। জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচির সূচি:
১. ১৬ মে: রাজশাহী (প্রথম বিভাগীয় সমাবেশ)
২. ১৩ জুন: চট্টগ্রাম
৩. ২০ জুন: খুলনা
৪. ২৭ জুন: ময়মনসিংহ
৫. ১১ জুলাই: রংপুর
৬. ১৮ জুলাই: বরিশাল
৭. ২৫ জুলাই: সিলেট
৮. অক্টোবর: ঢাকা (মহাসমাবেশ)
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ জানান, এসব বিভাগীয় সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে। এছাড়া দেশব্যাপী জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন এবং রাজধানীসহ সারা দেশে পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/আরআই




Comments