Image description

এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। 

প্রধানমন্ত্রী বলেন, এই সংসদে আমার আগে বিরোধীদল নেতা বক্তব্য রেখেছেন, উনার পরে আমি বক্তব্য রাখছি। উনি যেই কথাগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলছি। নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন; আমাদের লক্ষ্য এক। আমাদের উদ্দেশ্য, গন্তব্য এক। লক্ষ্য কী? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ। গন্তব্য কী? একটি স্বনির্ভর, নিরাপদ আত্মনির্ভরশীল বাংলাদেশ। আজকে জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে, আমি সেই ডিবেটেই যাবো না। কারণ, একটু আগেই আমি বলেছি, আমাদেরও লক্ষ্য, উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে- এই দেশ, দেশের জনগণ এবং আত্মনির্ভরশীল সমৃদ্ধিশালী বাংলাদেশ। 

তিনি বলেন, আমি আবারও বিরোধীদলীয় নেতার সঙ্গে একমত পোষণ করছি, আমরা গত প্রায় দেড় মাস ধরে আলোচনা করেছি এই সংসদে। হ্যাঁ, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল পাস করেছি। বিলের বিষয়ে কোনো কোনো বিষয়ে আমরা একমত হয়েছি। কোনো কোনো বিষয়ে হয়তো আমাদের দ্বিমত আছে। 

তারেক রহমান বলেন, পরিষ্কারভাবে আমার দলের অবস্থান থেকে আমি বলতে চাই যে, যেসব বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে; সেগুলো নিয়ে আমরা বিরোধী দলের সদস্যদের সঙ্গে বসবো। আলোচনা করব। দেশের স্বার্থে আমরা সমাধান বের করব।

প্রধানমন্ত্রী বলেন, এখানে সবারই মনে আছে, রোজার সময় বিরোধীদলীয় নেতা আমাকে উনাদের ইফতার পার্টিতে দাওয়াত করেছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম। আমরা সেখানে উনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম, ওটা উনাদের দলীয় সিদ্ধান্তের কারণ সেটা গ্রহণ করেন। সেটা উনাদের পলিসির ব্যাপার। কিন্তু, আমরা উনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে, আপনারা ডেপুটি স্পিকার দেন। আজকে আবারও পরিষ্কারভাবে আমি বলতে চাই, প্রস্তাবটি এখনো ওপেন আছে। আমরা এখনো ওপেন রেখেছি। এই প্রস্তাবটি দেওয়ার মাধ্যমে আবারও আমরা আমাদের পরিষ্কার ইনটেনশন বোঝানোর চেষ্টা করেছি।