Image description

রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

শুক্রবার (১ মে) সকালে দুর্ঘটনাকবলিত ভবনটি পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে অধিদপ্তরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে দ্রুত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী বলেন, “অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। এর পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা আছে কি না, তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে।” এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করতে তিনি পুলিশকেও নির্দেশনা দেন এবং দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মো. সাখাওয়াত হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মানবকণ্ঠ/ডিআর