প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো পুণ্যভূমি সিলেটে যাচ্ছেন তারেক রহমান। তার এই সফরকে ঘিরে গোটা সিলেটে বইছে উৎসবের আমেজ। ক্রীড়া, উন্নয়ন ও ঐতিহ্যের ছোঁয়ায় নবরূপে সেজেছে পুরো জনপদ।
এই সফরের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের জন্য একটি যুগান্তকারী ক্রীড়া উদ্যোগের সূচনা করতে যাচ্ছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আজ সিলেট জেলা স্টেডিয়ামে বিশেষ ক্রীড়া কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের এই উদ্যোগে ফুটবল, ক্রিকেট ও কাবাডিসহ মোট আটটি ডিসিপ্লিনে তরুণরা অংশ নেয়ার সুযোগ পাবে।
সিলেটের ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন জানান, প্রধানমন্ত্রী নিজেই মাঠে উপস্থিত থেকে আটটি ডিসিপ্লিনের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করবেন। এ নিয়ে স্থানীয় ক্রীড়া সংগঠক, কোচ ও উদীয়মান অ্যাথলেটদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
সফরে সরকারপ্রধান একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করবেন। এর মধ্যে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনে জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কাজ।
সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান এবং মোনাজাতে অংশ নেবেন।
দরগাহ-এ-হযরত শাহজালাল (রহ.)-এর খাদেম সামুন মাহমুদ খান বলেন, “২ তারিখ প্রধানমন্ত্রী আসছেন। তিনি এখানে আসছেন বলে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান-ও এখানে এসেছিলেন।”
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন দলীয় নেতাকর্মীরা। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন জনদুর্ভোগ না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




Comments