Image description

পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য তারিখ নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে পাকিস্তান। দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে এবং চাঁদ দেখা গেলে আগামী ২৭ মে বুধবার পাকিস্তানে কোরবানির ঈদ পালিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, হিজরি ১৪৪৭ সালের জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময়ে পাকিস্তান সময় রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।

বিশেষজ্ঞদের মতে, ১৭ মে সূর্যাস্তের সময় পাকিস্তানের অধিকাংশ স্থানে চাঁদের বয়স হবে ১৮ ঘণ্টার বেশি। সাধারণত খালি চোখে চাঁদ দেখার জন্য এই সময়টি যথেষ্ট। যদি সেদিন আকাশ পরিষ্কার থাকে, তবে ১৮ মে জিলহজ মাস শুরু হবে এবং সেই অনুযায়ী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

তবে আবহাওয়া প্রতিকূল হলে বা ১৭ মে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ একদিন পিছিয়ে ২৮ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে। বৈজ্ঞানিক এই পূর্বাভাস অনুযায়ী, এ বছর পাকিস্তান ও সৌদি আরবে একই দিনে ঈদ হওয়ার একটি সম্ভাবনাও তৈরি হয়েছে।

পাকিস্তানের সেন্ট্রাল রুয়েত-ই-হিলাল কমিটির মহাসচিব খালিদ আইজাজ মুফতি জানিয়েছেন, বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ২৭ মে ঈদের ইঙ্গিত দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নেওয়া হবে। প্রথা অনুযায়ী কমিটির বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

মানবকণ্ঠ/আরআই