যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছায়।
গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজের আটদিন পর ২৪ এপ্রিল পুলিশ লিমনের মরদেহ উদ্ধার করে। এর কয়েকদিন পর ৩০ এপ্রিল ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিখোঁজ অপর শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়।
তদন্তকারী সংস্থা জানিয়েছে, লিমনের রুমমেট হিশাম আবুঘেরহে এই জোড়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে উল্লেখ করা হয়েছে, লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত হিশামের বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি পরিকল্পিত হত্যার (Premeditated Murder) অভিযোগ আনা হয়েছে।
নিহত জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন।
এদিকে, নিহত বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, পরিবারের অনুরোধে বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য ওয়াশিংটন ডিসিস্থ দূতাবাস এবং মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে কাজ করছে। আগামী বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রে বৃষ্টির জানাজা শেষে তার মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হবে।
শিক্ষার্থী লিমনের মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর সময় তার স্বজনদের মাঝে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তার শিক্ষা প্রতিষ্ঠান ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।




Comments