জুলাই গণ-আন্দোলনে সংহতি প্রকাশ করতে গিয়ে প্রবাসে কারানির্যাতন ভোগ করা এবং পরবর্তীতে দেশে ফিরে আসা ২০৮ জন ‘জুলাই যোদ্ধা’র প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। রুলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
শুনানি শেষে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার দাবির প্রতি সংহতি জানিয়ে প্রবাসের বিভিন্ন দেশে বিক্ষোভ করায় অনেক প্রবাসী আইনি জটিলতা ও কারাদণ্ডের শিকার হন। এই ২০৮ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ জন শ্রমিকও রয়েছেন, যাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মুক্ত করে দেশে ফিরিয়ে এনেছে। সরকার ইতোমধ্যে এই ২০৮ জনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, এই প্রবাসীরা দেশের ক্রান্তিলগ্নে সাহসী ভূমিকা রাখতে গিয়ে নিজেদের কর্মসংস্থান হারিয়েছেন এবং অবর্ণনীয় মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তাই তাদের জীবন পুনর্গঠনে এবং রাষ্ট্রীয় কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ এই আর্থিক ক্ষতিপূরণ অত্যন্ত জরুরি। হাইকোর্টের এই রুল প্রবাসীদের অধিকার রক্ষায় এবং জুলাই আন্দোলনের বীরদের সম্মাননা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments