Image description

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০২ জন। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামরোগীর সংখ্যা ৫ হাজার ৪৬৭ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২ জন এবং হামের উপসর্গ (সন্দেহজনক) নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, গত দেড় মাসে (১৫ মার্চ থেকে ৪ মে) দেশে নিশ্চিত হামে ৫২ জন এবং সন্দেহজনক হামে ২৫৯ জনসহ মোট ৩১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্তদের মধ্যে শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতা দেখা দেওয়ায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার এবং সন্দেহজনক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই