হামে ৩ শতাধিক শিশুর মৃত্যু, ১ কোটি ৬১ লাখ শিশু টিকার আওতায়: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
দেশে হামের উপসর্গে ৩ শতাধিক শিশুর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন, ‘এর থেকে মর্মান্তিক কিছু হতে পারে না। আমরা এমন এক সভ্য জাতি হতে চাই যেখানে ভবিষ্যতে কোনো রোগের কারণেই যেন এমন সংকটের মুখোমুখি হতে না হয়।’
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্য ও হাম পরিস্থিতি: উপদেষ্টা জানান, ইতোমধ্যেই ১ কোটি ৬১ লাখ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে। বর্তমানে প্রায় ৮১ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হবে। টিকার বিষয়ে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া আসন্ন ডেঙ্গু মৌসুম নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক রয়েছে এবং এবার বড় ধরনের কোনো প্রাদুর্ভাব হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফুয়েল পাস’ ব্যবস্থা চালু থাকবে বলে জানান ডা. জাহেদ উর রহমান। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেশে কোথাও লোডশেডিংয়ের প্রয়োজন হয়নি। তবে উৎপাদন বা সঞ্চালনে যান্ত্রিক ত্রুটির কারণে বিচ্ছিন্ন সমস্যা হতে পারে। গরম বাড়লে সীমিত আকারে সুষম লোডশেডিং হতে পারে বলে তিনি আভাস দেন।
কৃষি ও শিক্ষা খাতে সুখবর: হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এককালীন সাড়ে ৭ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন উপদেষ্টা। স্থানীয় কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ইলেকট্রিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নির্বাচন ও প্রশাসন: স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, চলতি বছরের শেষ দিকে নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে। ধাপে ধাপে সারা দেশে নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। উপজেলা পরিষদকে দুর্বল করার কোনো পরিকল্পনা সরকারের নেই। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পর সেই ক্ষমতা আর নেই এবং খুব বেশিদিন তাদের মাঠে রাখার পরিকল্পনাও নেই।
ভারত-বাংলাদেশ সম্পর্ক: পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ নিয়ে নেতিবাচক বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, ‘এগুলোকে আমরা স্রেফ রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছি। রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।’
ব্রিফিংয়ে তিনি আরও জানান, জুলাই আন্দোলনের যোদ্ধাদের ভাতা প্রদান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী অভিযান নিয়মিত গতিতে চলমান রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments