Image description

আগামী এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, "আমরা আগেও বলেছি, এখনো বলছি— আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে। স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি এবং তৃণমূলের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে দেশের গণতন্ত্র আরও সুসংহত হবে।"

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জেলা প্রশাসকদের স্থানীয় পর্যায়ে কার্যকর নেতৃত্ব দিতে হবে। সরকারের প্রতিটি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জনগণকে সরাসরি সম্পৃক্ত করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশের প্রকৃত মালিক হচ্ছে জনগণ, তাই তাদের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।

বিগত আমলের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, "গত কয়েক বছরে স্থানীয় সরকার খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো, এই খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এসব অনিয়মের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করা হবে। ভবিষ্যতে যেন এমন দুর্নীতির পুনরাবৃত্তি না ঘটে, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে।"

মির্জা ফখরুল আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত উন্নয়ন কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সম্মেলনে ডিসিরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন, যা সরকার ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

মানবকণ্ঠ/আরআই