তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অবিশ্বাস্য চমক দেখিয়েছে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)। এই নির্বাচনে শুধুমাত্র সুপারস্টার বিজয়ই ব্যক্তিগতভাবে বিশাল জয় পাননি, বরং তার দলের হয়ে বাজিমাত করেছেন তার দীর্ঘদিনের ব্যক্তিগত গাড়িচালকের ছেলেও।
বিজয়ের ব্যক্তিগত গাড়িচালকের ছেলে আর. শবরীনাথন নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে-র প্রভাবশালী বিদায়ী বিধায়ক (এমএলএ) এএমভি প্রভাকর রাজাকে ২৭ হাজার ৮৬ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেছেন। সাধারণ ঘরের এক যুবকের এই জয়ের ফলে তামিল রাজনীতির ময়দানে শবরীনাথন এখন অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের প্রতি সাধারণ মানুষের অগাধ ভালোবাসা এবং তৃণমূলের মানুষের সঙ্গে তার সংযোগই এই জয়ের পথ সুগম করেছে।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করেছে। যদিও একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ১১৮টি আসনের প্রয়োজন ছিল, তবে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন শক্তিশালী অবস্থান রাজ্যের রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এদিকে সুপারস্টার থালাপতি বিজয় নিজে পেরমবুর আসন থেকে ৫৩ হাজারেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে তার রাজনৈতিক ক্যারিয়ারের রাজকীয় সূচনা করেছেন। পর্দার নায়কের এই রাজনৈতিক উত্থানে তামিলনাড়ু জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
মানবকণ্ঠ/আরআই




Comments