লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মুগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে আছড়ে পড়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ঘটা এই ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়। পরে সন্ধ্যার আগে ড্রোনটি উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের পর ভারতের পশ্চিমবঙ্গের ৯৮ হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোন দিয়ে সীমান্ত এলাকায় ভিডিও ধারণ করছিলেন। এসময় ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে এবং মুগলিবাড়ী সীমান্তের জিরো পয়েন্ট এলাকার মেইন পিলার ৮৪১/৮এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। ড্রোনটি সীমান্ত সংলগ্ন জমিতে কর্মরত এক ব্যক্তির মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে পাশের একটি ভুট্টাক্ষেতে আছড়ে পড়ে।
ঘটনাটি দেখার পর ওই ব্যক্তি দ্রুত স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন। সংবাদ পেয়ে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং সন্ধ্যার আগে ড্রোনটি উদ্ধার করে ব্যাটালিয়ন হেফাজতে নেন। এদিকে, ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় টহল জোরদার করলে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিএসএফের ৯৮ হিমালয় ক্যাম্পের পক্ষ থেকে ইতিমধ্যে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পড়ে গেছে এবং তারা এটি ফেরত চেয়েছে।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments