Image description

ভোটের ফলে পরাজিত হলেও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাকে হারিয়ে দেওয়া হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চান না মমতা। রীতি অনুযায়ী ফলাফলের তথ্য নিশ্চিত হলেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন মুখ্যমন্ত্রী। কিন্তু নির্বাচনের ফল মানতে নারাজ তিনি।

তাই পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা। খবর আনন্দবাজারের।

আজ মঙ্গলবার বিকেলে কালীঘাট থেকে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘কেন পদত্যাগ করব? ‌আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?’

তিনি বলেন, ‘এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ। সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক। রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব।’
 
তিনি আরো বলেন, ‘জোট আগামী দিনে আরো শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। আমি কাল আসতে বলেছি। একে একে সবাই আসবেন। জোট শক্তিশালী করব।’

নির্বাচন কমিশনকেই ‘ভিলেন’ আখ্যা দিয়েছেন মমতা। তার দাবি, কমিশনের সাহায্যে ১০০-র বেশি আসন লুট করা হয়েছে। সুষ্ঠু ফলাফলে হারলে কোনো অভিযোগ না করে তা মেনে নিতেন বলে জানান মমতা।
 
সংবাদ সম্মেলনে মমতা ও অভিষেকের সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।