Image description

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে মাঠপর্যায়ে মোতায়েন থাকা সেনাবাহিনীকে ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৬ জুন থেকে এই প্রত্যাহার প্রক্রিয়া শুরু হবে এবং জুন মাসের মধ্যেই তা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন গঠিত বিএনপি সরকারের অধীনে এটি ছিল কোর কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যাহার প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে দেশের দূরবর্তী ও দুর্গম জেলাগুলো থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপে বড় জেলা এবং সর্বশেষ পর্যায়ে বিভাগীয় শহরগুলো থেকে সেনাসদস্যরা ব্যারাকে ফিরে যাবেন। ৩০ জুনের মধ্যে মাঠপর্যায়ের এই বিশেষ দায়িত্ব শেষ করে সকল সেনাসদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, চাঁদাবাজি প্রতিরোধ এবং পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসায় সরকার তাদের মূল কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।

মানবকণ্ঠ/আরআই