ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সদ্য বিজয়ী বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক সহকারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’ জানিয়েছে, রাতে চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা তাঁর গাড়ির পিছু নেয় এবং মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছালে গাড়ি লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় চন্দ্রনাথকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হামলায় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি বুদ্ধদেব বেরা আহত হয়েছেন বলে জানা গেছে।
চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় হলেও তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকাতেই বসবাস করতেন। রাজনৈতিক সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর পক্ষে যে টিম কাজ করেছিল, চন্দ্রনাথ ও বুদ্ধদেব দুজনই সেই দলের সক্রিয় সদস্য ছিলেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।




Comments