Image description

রাজধানীতে বিদ্যুতের লোড কমাতে ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে সব আবাসিক ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক ‘বিআইআইডি এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা হিসেবে সোলার পাওয়ারকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী জুন মাসের মধ্যে একটি সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

ইকবাল হাসান মাহমুদ আরও উল্লেখ করেন, নেতৃত্বের অভাবে দেশে এখন পর্যন্ত ব্যাপকভাবে সোলার ব্যবস্থায় যাওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার ও উইন্ড এনার্জিকে (বায়ু শক্তি) বিশেষ গুরুত্ব দিতে চায়। এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে।

মানবকণ্ঠ/আরআই