Image description

বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার পর দেশজুড়ে সমালোচনার মুখে শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইলেন বাউল শিল্পী হাসিনা সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং তার বক্তব্যের ব্যাখ্যা দেন।

ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, “আমার বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সকল বাউল শিল্পীর কাছে ক্ষমা চাইছি। আশা করি, সবাই আমাকে আগের মতোই আগলে রাখবেন।”

এর আগে এক সাক্ষাৎকারে হাসিনা সরকার অভিযোগ করেছিলেন, নারী বাউল শিল্পীরা নানা সময় কুপ্রস্তাব পান এবং অনৈতিক সম্পর্কে না জড়ালে অনেক সময় গান গাওয়ার সুযোগ পান না। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বাউল অঙ্গনে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেক জায়গায় তাকে বয়কট করার ঘোষণাও দেওয়া হয়।

নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে এই গায়িকা জানান, গত কয়েকদিন ধরে তিনি নানাভাবে হেনস্তার শিকার হয়েছেন। এমনকি ‘হাসিনা সরকার’ নাম হওয়ায় মিরপুরে তার একটি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক জায়গায় তার বুকিং বাতিল করে অন্য শিল্পীদের সুযোগ দেওয়া হয়েছে।

ক্ষোভ ও হতাশা থেকেই এমন মন্তব্য করেছিলেন জানিয়ে তিনি বলেন, “রাগের মাথায় বলেছিলাম—যাদের সঙ্গে যোগাযোগ বা ‘লিংক’ থাকে, তারাই বেশি অনুষ্ঠান পায়। আমার সঙ্গে কারো ব্যক্তিগত সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। এমন কথা বলা আমার ভুল হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সময়ে অনেক অদক্ষ শিল্পী প্রভাব খাটিয়ে অনুষ্ঠান পেলেও প্রকৃত বাউলরা অবহেলার শিকার হচ্ছেন। তবে তার কথায় বাউল সমাজের কেউ আঘাত পেয়ে থাকলে তিনি সবার কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করেছেন।

মানবকণ্ঠ/ডিআর