Image description

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় নতুন পাঁচটি উপজেলা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এই ঐতিহাসিক অনুমোদন দেওয়া হয়।

নতুন করে গঠিত পাঁচটি উপজেলা হলো—বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।

বর্তমানে দেশে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। বগুড়া যুক্ত হওয়ার ফলে দেশে সিটি কর্পোরেশনের সংখ্যা দাঁড়াবে ১৩টিতে। অন্যদিকে, বর্তমানে দেশে ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন ৫টি উপজেলা নিয়ে দেশে মোট উপজেলার সংখ্যা পূর্ণ হবে ৫০০-তে।

দীর্ঘদিন ধরে বগুড়াবাসী এই জেলাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার দাবি জানিয়ে আসছিল। সরকারের এই সিদ্ধান্তে উত্তরাঞ্চলের এই জনপদে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর