Image description

ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নিযুক্ত করেছে দেশটির সরকার। তিনি বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। একইসঙ্গে ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করা হয়েছে।

আগামী ৩০ মে জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাঁর অবসরের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পদের দায়িত্ব গ্রহণ করবেন রাজা সুব্রামানি।

একই সঙ্গে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের (DMA) সচিব হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

সরকারি ঘোষণা অনুযায়ী, লে. জেনারেল রাজা সুব্রামানি (পিভিএসএম, এভিএসএম, এসএম, ভিএসএম) দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ১ জুলাই, ২০২৪ থেকে ৩১ জুলাই, ২০২৫ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর উপ-প্রধান এবং তারও আগে সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (GOC-in-C) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ভারতীয় নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বেও পরিবর্তন আসছে। বর্তমানে মুম্বাইয়ে পশ্চিম নৌ কমান্ডার হিসেবে কর্মরত ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আগামী ৩১ মে পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তার কার্যকাল স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। ১৯৮৭ সালে নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত এই কর্মকর্তা যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধবিদ্যায় একজন বিশেষজ্ঞ। তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি ছাড়াও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্বনামধন্য নেভাল ওয়ার কলেজের প্রাক্তন ছাত্র।