সব নাটকীয়তার অবসান। অবশেষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে তামিলনাড়ুর নবাগত দল টিভিকে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের দাবি নিয়ে চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল আরলেকার সঙ্গে বৈঠকে রয়েছেন থালাপতি বিজয়।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যপাল কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, রবিবার (১০ মে) সকাল ১০টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন টিভিকে প্রধান থালাপতি বিজয়।
১০৭ থেকে ১২০ আসন অর্জনে নানা প্রতিকূলতা পেরিয়ে ফল ঘোষণার ৫ দিন পর মুখ্যমন্ত্রীর হিসেবে অধিষ্ঠিত হবেন থালাপতি বিজয়।
তামিলনাড়ুর রাজ্যপাল আর ভি আরলেকার সঙ্গে গত চার দিনে টিভিকে নেতা বিজয়ের সঙ্গে চতুর্থবারের মতো দেখা করলেন। এর আগে রাজ্যপাল কেরালা যাওয়ার নির্ধারিত ফ্লাইটটি বাতিল করেছেন।
এরই মধ্যে রাজ্যের বড় পুরনো দল এআইএডিএমকের মধ্যে বড় ধরনের বিদ্রোহের আশঙ্কা তৈরি হয়েছে।
দলটির প্রবীণ নেতা সি ভি শানমুগাম দল ভাঙার পরিকল্পনা করছেন। ৩০ জনেরও বেশি এআইএডিএমকে বিধায়ক তাকে সমর্থন করছেন এবং কেউ কেউ টিভিকে-কে সমর্থন করতে আগ্রহী।
শনিবার (৯ মে) পুদুচেরির একটি রিসোর্ট থেকে বিধায়করা ফেরার পর চেন্নাইয়ে শানমুগামের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এসপি ভেলুমণি, এমআর বিজয়ভাস্কর, নাথম বিশ্বনাথন, সি বিজয়ভাস্করসহ প্রবীণ নেতারা একত্রিত হয়েছিলেন।




Comments