তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই চমক দেখালেন চন্দ্রশেখরন জোসেফ বিজয়। রোববার শপথ গ্রহণের পর প্রথম দাপ্তরিক আদেশে রাজ্যের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ, মাদক নির্মূলে বিশেষ টাস্ক ফোর্চ এবং নারীদের সুরক্ষায় বিশেষ বাহিনী ও হেল্পলাইন গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়াও তিনি শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানির মতো মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি কৃষক ও জেলেদের জীবনমান উন্নয়নে পূর্ণ মনোযোগ দেওয়ার অঙ্গীকার করেছেন।
শপথ পরবর্তী ভাষণে বিজয় তাঁর চিরাচরিত সেই জনপ্রিয় বাক্য 'এন নেনজিল কুডিয়িরুক্কুম' (যারা আমার হৃদয়ে বাস করেন) দিয়ে শুরু করেন। নিজের সংগ্রাম ও সাধারণ পরিবার থেকে উঠে আসার গল্প শুনিয়ে তিনি বলেন, "আমি কোনো রাজপরিবার থেকে আসিনি, আমি একজন সহকারী পরিচালকের ছেলে। আমি দারিদ্র্য ও ক্ষুধা চিনি। পথে চলতে গিয়ে অনেক অপমান ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। আপনারা আমাকে আপনাদের ভাই ও ছেলের মতো হৃদয়ে জায়গা দিয়েছেন।"
রাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজয় বলেন, "বিগত ডিএমকে সরকার রাজ্যের কোষাগার শূন্য করে দিয়েছে। আমরা প্রায় ১০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছি। তবে আমি আশ্বাস দিচ্ছি, আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেব না। জনগণের তহবিলের এক পয়সাও অপচয় হতে দেব না এবং কাউকে রাজ্য লুট করতে দেব না।"
তামিলনাড়ুতে ‘প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের এক নতুন যুগ’ শুরুর ঘোষণা দেন বিজয়। এই যাত্রায় পাশে থাকার জন্য তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বামপন্থী নেতা এম.এ. বেবিসহ সকল রাজনৈতিক মিত্রদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে রাহুল গান্ধী সশরীরে উপস্থিত থেকে বিজয়কে অভিনন্দন জানান।




Comments