Image description

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে দেশের ১০০টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদের জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে নতুন এই রাজনৈতিক শক্তিটি। রোববার (১০ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, ‘আমরা কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনীতির বাইরে থাকা যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে এই তালিকা তৈরি করেছি।’

অন্যান্য দল থেকে আসা প্রার্থীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা অতীতে বিএনপি বা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আবার অনেকে আছেন যারা আগে কখনো সক্রিয় রাজনীতি করেননি। এমনকি ৫-৭ বছর আগে আওয়ামী লীগ করতেন কিন্তু পরবর্তীতে দলটির ‘স্বৈরাচারী’ আচরণের প্রতিবাদে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে রাজপথে সক্রিয় ছিলেন, এমন পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদেরও মনোনয়ন দেওয়া হয়েছে।

জোটবদ্ধ নির্বাচনের সম্ভাবনা নিয়ে সারজিস আলম পরিষ্কার জানান, এনসিপি বর্তমানে এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ১১ দলীয় জোট বা জামায়াতের সঙ্গে জোটগতভাবে সব উপজেলায় একক প্রার্থী দেওয়া বেশ জটিল প্রক্রিয়া। তবে ভবিষ্যতের পরিস্থিতি বিবেচনায় জোটবদ্ধ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ বা পূর্ণাঙ্গ সময়রেখা দ্রুত প্রকাশ করা উচিত। সময়রেখা জানা থাকলে প্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হয় এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়ে।’

এনসিপি জানিয়েছে, এটি তাদের প্রাথমিক তালিকা। পর্যায়ক্রমে দেশের বাকি সব উপজেলা ও পৌরসভার জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম ধাপেই ১০০ প্রার্থীর নাম ঘোষণা করার মাধ্যমে এনসিপি মাঠপর্যায়ে তাদের সাংগঠনিক সক্ষমতার জানান দেওয়ার চেষ্টা করছে।

মানবকণ্ঠ/আরআই