Image description

মা হওয়ার পর জীবন যে আমূল বদলে যায়, তা আবারও প্রমাণ করলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মা হওয়ার আগের কিয়ারা আর পরের কিয়ারার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। তার মতে, এখন তার জীবনের প্রতিটি কাজের উদ্দেশ্য বদলে গেছে।

কিয়ারা জানান, মা হওয়ার পর একজন নারীকে ঘরের কাজ এবং সন্তানের যত্ন-দুই দিকেই সমান নজর দিতে হয়। তিনি বলেন, আমি সারাজীবন কঠোর পরিশ্রম করেছি, দীর্ঘ শিফটে কাজ করেছি। কিন্তু মা হওয়ার পর বুঝেছি, একজন মা বা গৃহিণীকে কতটা বেশি কাজ করতে হয়। এখন আমার লড়াইটা আগের চেয়ে দ্বিগুণ। 

তিনি আরও বলেন, এখন যেকোনো কাজ করার আগে তিনি ভাবেন, তার মেয়ে বড় হয়ে এটি দেখলে কী ভাববে।

সন্তান জন্মের পর শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত বলে মনে করেন কিয়ারা। তিনি নিজের অভিজ্ঞতায় জানান, হঠাৎ করেই ত্বকের সমস্যা দেখা দিয়েছিল, যা আগে তাকে দুশ্চিন্তায় ফেলত। কিন্তু এখন তিনি জীবনের এই পরিবর্তনগুলোকে সহজভাবে গ্রহণ করতে শিখেছেন। নিজের প্রতি সদয় হওয়া এবং নিজের জন্য সীমানা নির্ধারণ করতে তার প্রায় ছয় মাস সময় লেগেছে তার।

গত ডিসেম্বরে কাজে ফিরেছেন কিয়ারা। মজার বিষয় হলো, প্রেগনেন্সির সাত মাস পর্যন্ত তিনি 'টক্সিক' সিনেমার জন্য অ্যাকশন দৃশ্যে শুটিং করেছেন। কিয়ারা জানান, মা হওয়ার পর এখন তিনি সবকিছুই একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন। এটি তাকে ক্যারিয়ারের পাশাপাশি জীবনের অন্যান্য দিক নিয়েও নতুন করে ভাবতে শিখিয়েছে।

বর্তমানে কিয়ারা আদভানি তার আগামী সিনেমা ‘টক্সিক’ এবং ‘ওয়ার ২’ এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।