রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম লোডিং সম্পন্ন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ ইউনিটের কমিশনিং ও বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে এটিকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রকল্প সূত্র জানায়, গত ২৮ এপ্রিল রিঅ্যাক্টর কোরে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি রিঅ্যাক্টর কোরে স্থাপনের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্যায়ের আগে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তিগত ধাপ।
এ বিষয়ে রূপপুর প্রকল্পের পরিচালক এবং রসাটমের প্রকৌশল বিভাগ এটমস্ট্রয়েক্সপোর্ট-এর ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, “জ্বালানি লোডিংয়ের পুরো কার্যক্রমে প্রাথমিক কোর লোডিং কর্মসূচি, পরিচালনাগত বিধিমালা এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন এবং প্রয়োজনীয় ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর প্রযুক্তিগত ব্যবস্থার নির্ভরযোগ্য ও নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে শত শত অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।”
এনপিসিবিএল-এর এমডি জাহেদুল হাসান বলেন, “খুব শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়ার পর ধাপে ধাপে এর ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই প্রক্রিয়াগুলো সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটে পরীক্ষামূলক বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের পথ প্রশস্ত হবে।”
উল্লেখ্য, রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর। ২,৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পে দুটি ভিভিইআর-১২০০ (VVER-1200) রিঅ্যাক্টর থাকছে। জেনারেশন-থ্রি প্লাস (Gen III+) প্রজন্মের এই রিঅ্যাক্টরগুলো আন্তর্জাতিক সকল নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম। প্রকল্পের জেনারেল ডিজাইনার ও ঠিকাদার হিসেবে কাজ করছে রসাটমের ইঞ্জিনিয়ারিং বিভাগ।
মানবকণ্ঠ/ডিআর




Comments