আলো ঝলমলে স্টেডিয়াম, হাজারো দর্শকের উচ্ছ্বাস, পতাকার ঢেউ আর উত্তেজনায় কাঁপতে থাকা একেকটি মুহূর্ত। বিশ্বকাপ মানেই কেবল গোলের উল্লাস আর প্রতিপক্ষকে হারানোর তৃপ্তি নয়; এটি একই সঙ্গে সংস্কৃতি, শিল্প ও উদযাপনের মেলবন্ধন। ফুটবল যখন বিশ্বকে এক সুতোয় বাঁধে, ঠিক তখন কোথাও না কোথাও একটি কণ্ঠ ভেসে ওঠে। যে কণ্ঠ শুনলেই মনে পড়ে যায় বিশ্বকাপ, উন্মাদনা আর উদযাপনের দিনগুলোর কথা। সেই কণ্ঠের নাম শাকিরা।
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবলের মঞ্চে ফিরছেন শাকিরা। এই প্রত্যাবর্তন যেন শুধু একজন গায়িকার ফিরে আসা নয়, বরং একটি বৈশ্বিক স্মৃতির পুনর্জন্ম। কারণ ফুটবল আর শাকিরা–এই দুই নাম অন্তত দুই দশক ধরে একে অন্যের সঙ্গে জড়িয়ে গেছে আবেগের অদৃশ্য অথচ অবিচ্ছেদ্য বন্ধনে।
২০১০ সালের বিশ্বকাপ। প্রত্যাশা আর আনন্দের সাগরে ভাসছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে কেপটাউন পর্যন্ত প্রতিটি প্রান্তর। ঠিক সেই সময় মুক্তি পায় শাকিরার গান ‘ওয়াকা ওয়াকা...দিস টাইম ফর আফ্রিকা’। মুহূর্তেই গানটি ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। স্টেডিয়ামের বাইরে, ক্যাফেতে, রাস্তায়, এমনকি ছোট শহরের টেলিভিশনের সামনেও মানুষ নেচেছিল সেই তালে। ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার, আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবাদের মতো তারকারাও সেই গানের ভিডিওতে অংশ নিয়ে ফুটবল আর আফ্রিকার মেলবন্ধন ঘটিয়েছিলেন।
ফুটবলকে কেন্দ্র করে তৈরি হওয়া অসংখ্য গানের মধ্যে আজও বাজে ‘ওয়াকা ওয়াকা’। এটি শুধু একটি গান ছিল না; ছিল আফ্রিকা মহাদেশের প্রথম বিশ্বকাপকে বরণ করে নেওয়ার আনন্দগাথাও। ছিল বিশ্ববাসীকে একসঙ্গে নাচিয়ে তোলা এক জাদুমন্ত্র। সেই গান ইউটিউবে কয়েক বিলিয়ন ভিউ ছাড়িয়েছে, আর শাকিরা হয়ে উঠেছেন ফুটবলের সবচেয়ে স্মরণীয় কণ্ঠশিল্পী। এরপর কেটে গেছে প্রায় দেড় দশক। জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন শাকিরা। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, পিকের সঙ্গে বিচ্ছেদ, সন্তানদের দায়িত্ব, নতুন গান, বিশ্বভ্রমণ– সব মিলিয়ে বদলে গেছে তাঁর জীবনের ছন্দ। কিন্তু ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হয়নি। মাঝেমধ্যে বড় টুর্নামেন্ট এলেই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, আবার কি ফিরবেন শাকিরা?
২০১৪ সালের বিশ্বকাপের ‘লা লা লা’ দারুণ সাড়া পেলেও তাও পেরিয়ে গেছে বছর দশেক। ভক্তরা মনে মনে ভেবেছিল, হয়তো ফুটবলের মঞ্চে আর দেখা মিলবে না শাকিরার। অবশেষে সেই অপেক্ষার অবসান। সম্প্রতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গানের প্রথম ঝলক উন্মোচন করেছেন শাকিরা। ৪৯ বছর বয়সী এই গায়িকা ‘দাই দাই’ নামে নতুন গানটি দিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ আসর মাতাতে এখন পুরোপুরি তৈরি।




Comments