Image description

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৬ মে) চাঁদপুর জেলা সফরে যাচ্ছেন। একদিনের এই রাষ্ট্রীয় সফরে তিনি কুমিল্লার বরুড়ায় একটি পথসভায় বক্তব্য দেবেন এবং চাঁদপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। সফরের পথে বেলা সাড়ে ১১টায় তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে পৌঁছাবেন এবং সেখানে ‘খোর্দ্দ খাল’ পুনঃখননকাজের উদ্বোধন করবেন। পরবর্তীতে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামে ‘বিশ্ব খাল’ পুনঃখনন প্রকল্পের ফলক উন্মোচন করবেন তিনি।

দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি ও মধ্যাহ্নভোজ শেষে বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপস্থিত হবেন। সেখানে তিনি সরকারের বিশেষ সহায়তা কর্মসূচির আওতায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান। সেখানে তিনি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন। কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথেই তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চাঁদপুর ও কুমিল্লা জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে বরুড়া ও শাহরাস্তি এলাকায় তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন এবং রাস্তার সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে। মহাসড়কের বিভাজকগুলোতে নতুন রং করা হয়েছে এবং ভেঙে যাওয়া সড়কগুলো দ্রুত মেরামত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ইতোমধ্যে সভাস্থলগুলো পরিদর্শন করেছে এবং কড়া নজরদারি জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।