Image description

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রার চতুর্থ দিনের (২৬ মে) অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার (১৬ মে) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার পর মাত্র ৩০ মিনিটেই রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে ১ কোটি ২৭ লাখ ‘হিট’ করেছেন টিকিটপ্রত্যাশীরা। বিপুল চাহিদার কারণে দুপুরের মধ্যেই পশ্চিমাঞ্চলগামী ট্রেনের প্রায় সব আসন শেষ হয়ে গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে এই অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। 

সকাল সাড়ে ৮টার মধ্যেই ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ৪৫১টি আসন বিক্রি হয়ে যায়। বেলা পৌনে ১টায় ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, ঢাকা থেকে রাজশাহী, পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর ও খুলনাগামী সব ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ২৬ মে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের মোট আসন সংখ্যা ৩২ হাজার ৭২৯টি এবং সারা দেশে মোট আসন ১ লাখ ৭৪ হাজার ২৬৬টি। আজ দুপুর ২টা থেকে শুরু হয়েছে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি।

এর মধ্যে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ৪৫১টি আসন বিক্রি হয়েছে। একই সময়ে সারা দেশে বিক্রি হয়েছে ২৪ হাজার ২৯৩টি আসন।

বেলা পৌনে একটায় টিকিট বিক্রির ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, ঢাকা-রাজশাহী রুটের পাঁচটি ট্রেনের সব আসন, ঢাকা-পঞ্চগড় রুটের তিনটি ট্রেনের সব আসন, ঢাকা-কুড়িগ্রাম রুটের দুটি ট্রেনের সব আসন, ঢাকা-দিনাজপুর রুটের তিনটি ট্রেনের সব আসন এবং ঢাকা-খুলনা রুটের তিনটি ট্রেনের সব আসন বিক্রি হয়ে গেছে।

এদিকে আগামী ২৬ মে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টায়।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে এবং ২৫ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ১৫ মে। এছাড়া শেষ দিন ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।