লিবিয়ার বন্দিশালায় আটক ৩০ জনসহ মোট ১৭৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ফেরত আসা ১৭৫ জনের মধ্যে ৩০ জন লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি ১৪৫ জন বেনগাজী ও এর আশপাশের এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে অসুস্থ বাংলাদেশি নাগরিক, যারা স্বেচ্ছায় দেশে ফেরার আবেদন করেছিলেন।
তদন্ত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। লিবিয়া অবস্থানের সময় তাদের অনেকেই অপহরণ ও চরম শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফিরে আসা নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে যাতে তারা তাদের এই ভয়ংকর ও দুর্বিষহ অভিজ্ঞতার কথা সবার সাথে বিনিময় করেন। এর ফলে অবৈধ পথে ইউরোপ যাওয়ার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়বে এবং অন্যরা পাচারকারীদের খপ্পর থেকে রক্ষা পাবে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও যারা আটক রয়েছেন, তাদের পর্যায়ক্রমে এবং নিরাপদে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments