Image description

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় মিজ দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত দিপালী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। তিনি বৈরুতের হামরা এলাকায় একটি পরিবারের গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় দিপালী তার নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় ইসরায়েলি বাহিনীর একটি শক্তিশালী বোমা সরাসরি তাদের আবাসস্থলে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দিপালী নিহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় দিপালীর নিয়োগকর্তা এবং তার পরিবারের একাধিক সদস্যও প্রাণ হারিয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ মরদেহের পরবর্তী ব্যবস্থা এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

দিপালীর এই মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় বুধবার লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই একদিনেই তিন শতাধিক মানুষ নিহত এবং সহস্রাধিক আহত হন। সেই রক্তক্ষয়ী হামলারই শিকার হলেন বাংলাদেশি এই প্রবাসী।

মানবকণ্ঠ/ডিআর