যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, রুমমেট গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত শিক্ষার্থীর রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল ৮-এর প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার হওয়া দেহাবশেষটি জামিল লিমনের। ২৭ বছর বয়সী এই তরুণ বিশ্ববিদ্যালয়টিতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও পলিসি বিষয়ে পিএইচডি করছিলেন।
এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
তবে লিমনের সঙ্গে নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির (২৭) এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। পুলিশ তার সন্ধানে জোর তল্লাশি অব্যাহত রেখেছে।
পুলিশ ও শেরিফ কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিখোঁজ দুই শিক্ষার্থীর মামলার তদন্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক মাইলেরও কম দূরত্বে অবস্থিত লেক ফরেস্ট নামের একটি আবাসিক এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্রুস বি. ডাউনসের ওই লেক ফরেস্ট কমিউনিটির প্রবেশ ও বের হওয়ার পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। সকাল ১০টা ৩৬ মিনিটে সোয়াট (SWAT) টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং বেলা ১১টা ৫৫ মিনিটে সন্দেহভাজন হিসেবে হিশামকে আটকের কথা আনুষ্ঠানিকভাবে জানায় শেরিফ কার্যালয়। এর আগে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে একটি মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়, যা নিখোঁজ জামিল লিমনের বলে শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে এই দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ ছিলেন। পুলিশ জানিয়েছিল, ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় নিজ বাসায় জামিল লিমনকে শেষবার দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কারও যোগাযোগ হয়নি। অন্যদিকে, একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে শেষবারের মতো দেখা গিয়েছিল নাহিদা বৃষ্টিকে।
যে আবাসিক এলাকায় অভিযান চালানো হয়, সেই লেক ফরেস্ট কমিউনিটি একটি ‘ডিড-রেস্ট্রিকটেড’ এলাকা। অর্থাৎ এটি হোমওনার্স অ্যাসোসিয়েশনের অধীনস্থ এমন একটি এলাকা, যেখানে বসবাসকারীদের কর্মকাণ্ড নির্দিষ্ট চুক্তির মাধ্যমে সীমিত রাখা হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments