কুয়েতে সরকারি রাজস্ব স্ট্যাম্প জালিয়াতি ও অবৈধভাবে বিক্রির অভিযোগে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘদিনের নিবিড় নজরদারি ও গোপন অনুসন্ধানের পর এক বিশেষ অভিযানে জালিয়াতি চক্রটির এই সদস্যদের হাতেনাতে আটক করা হয়।
শুক্রবার (১২ জুন) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা স্থানীয় একটি হাসপাতালের ভেতরে ও বাইরে অবস্থান করে বিভিন্ন প্রবাসী ও ব্যবসা প্রতিষ্ঠানের কাছে জাল সরকারি স্ট্যাম্প বিক্রি করে আসছিল। মূলত ৫ ও ১০ কুয়েতি দিনার মূল্যের সরকারি রাজস্ব স্ট্যাম্প বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে সরবরাহ করে তারা বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল।
কুয়েতের রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনস ডিপার্টমেন্টের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চক্রটি অত্যন্ত সুসংগঠিতভাবে এই জালিয়াতি চালাচ্ছিল। তারা প্রথমে একটি হাসপাতাল থেকে সরকারি রাজস্ব স্ট্যাম্পের আসল কাগজের রোল চুরি করে এবং পরে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় হুবহু জাল স্ট্যাম্প তৈরি করত। অভিযানের সময় তাদের আস্তানা থেকে একটি ল্যাপটপ, প্রিন্টার এবং স্ট্যাম্প তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ স্ট্যাম্প পেপারের রোল জব্দ করা হয়েছে।
কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, এই জালিয়াতির ফলে বড় ধরনের সরকারি রাজস্ব ফাঁকির পাশাপাশি রাষ্ট্রীয় নথিপত্রের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে ব্যাপক তদন্ত শুরু হয়েছে। বর্তমানে আটক ৫ বাংলাদেশিকে জব্দকৃত আলামতসহ দেশটির বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
জালিয়াতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ও নথিপত্র রক্ষায় তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments