Image description

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও এক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাতে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৪৫), তার স্ত্রী মমতাজ বেগম আরজু (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা আরিফা।

এ ঘটনায় বাবুলের ২০ বছর বয়সী ছেলে আরাফাত হোসেন অয়ন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে অ্যাপার্টমেন্ট থেকে পরিবারের সদস্যদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই বাবুল, তার স্ত্রী ও কন্যার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অয়নকে হাসপাতালে নেওয়ার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

ঘটনার পর ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিহত মমতাজ বেগম আরজুর ছোট ভাই নুরুল হুদা রাকিব জানান, কয়েকদিন আগে বাবুলসহ পুরো পরিবার ইতালির নাগরিকত্ব পেয়েছিলেন। বর্তমানে নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে আহত আরাফাত হোসেন অয়নের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।