আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে।
লাইলাতুল কদরের রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। একরাত্রির ইবাদতের পুণ্য এমন যে হাজার মাসের ইবাদতের সমতুল্য।এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।
পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া এবং আখেরি মোনাজাতে অংশ নেবেন। অনেকেই মসজিদে ইতিকাফ পালন করেন এবং রাতভর ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।
ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরের রাতেই পবিত্র আল-কোরআন নাজিল হয়েছিল। তাই এই রাতে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশেষ ইবাদত পালনের গুরুত্ব রয়েছে।
পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিওতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। এছাড়া জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হবে বিশেষ নিবন্ধ।




Comments